Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজো উপলক্ষ্যে শিয়ালদহ-লালগোলা শাখায় দু’জোড়া বিশেষ ইএমইউ ট্রেন

পুজো উপলক্ষ্যে ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-লালগোলা শাখায় দু’জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

পুজো উপলক্ষ্যে শিয়ালদহ-লালগোলা শাখায় দু’জোড়া বিশেষ ইএমইউ ট্রেন
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: পুজো উপলক্ষ্যে ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-লালগোলা শাখায় দু’জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পূর্বরেলের শিয়ালদহ ডিভিশনের লালগোলা-শিয়ালদহ শাখায় পুজোর সময় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে এই পরিষেবা চালু করা হচ্ছে।

Advertisement

গত ৩ অক্টোবর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে লালগোলা শাখার যাত্রী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে আসন্ন দুর্গাপুজোয় পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত শিয়ালদহ-লালগোলা শাখায় দু’জোড়া বিশেষ ট্রেন চালানোর দাবি জানানো হয়। সংগঠনের তরফে জানানো হয়, পুজোর আগে বহু পরিযায়ী শ্রমিক-সহ সাধারণ যাত্রী বাড়ি ফেরেন। ফলে ওই সময় শাখাটিতে যাত্রীর চাপ উল্লেখযোগ্য ভাবে বাড়ে। রেলের তরফে দাবিটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
পূর্ব রেলের সূচি অনুযায়ী, ১০ থেকে ১৫ অক্টোবর রানাঘাট-লালগোলা এবং শিয়ালদহ-লালগোলা পথে দু’জোড়া বিশেষ ট্রেন চলবে। রানাঘাট থেকে লালগোলাগামী ট্রেনটি সকাল ৭টা ০৫ মিনিটে ছেড়ে ১০টা ২০ মিনিটে পৌঁছবে। লালগোলা থেকে রানাঘাটগামী ট্রেনটি রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৩টায় পৌঁছবে। শিয়ালদহ থেকে লালগোলাগামী ট্রেনটি বিকাল ৫টা ১০ মিনিটে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে পৌঁছবে। লালগোলা থেকে শিয়ালদহগামী ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫৫ মিনিটে পৌঁছবে। পথে সব স্টেশন, ফ্ল্যাগ স্টেশন ও হল্টে ট্রেনগুলি দাঁড়াবে।
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামের সভাপতি  রাজেন্দ্র তাতের বলেন, পুজোর আগে পরিযায়ী শ্রমিক-সহ বহু মানুষ বাড়ি ফেরেন। তাঁদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের দাবি জানানো হয়েছিল। দাবি মেনে রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ