নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি কর্মী এবং অধ্যাপকদের মতো স্কুলশিক্ষকদেরও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সংগঠনই এই দাবিতে আন্দোলন করে আসছে। এবার শুধু দাবিদাওয়ায় সীমাবদ্ধ না থেকে হাইকোর্টে রীতিমতো জোড়া মামলা করে বসল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনার উদ্দেশ্যেই এই মামলা বলে জানাচ্ছেন পিটিশনাররা। প্রাথমিক শিক্ষকদের তরফে পিটিশন ফাইল করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। আর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পিটিশনার কিংকর অধিকারী। সৌম্য মজুমদার এবং ওসমান গনি মল্লিক আইনজীবী হিসেবে থাকছেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকরবাবু জানান, আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে। আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও জারি থাকবে। ১৩ অক্টোবর এই দাবিতে নবান্ন অভিযান এবং স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও ঘোষিত হয়েছে।



