নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল থেকে রাত লাগাতার বিঘ্ন ঘঠল শহরের ব্যস্ততম মেট্রো রুটের যাত্রী পরিষেবায়। যার জেরে সোমবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পথে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন লক্ষ লক্ষ যাত্রী। রবিবার শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে রেক ঘোরানোর পরিকাঠামো সংস্কারের কাজ চলছিল। যার জেরে রবিবার সারাদিন ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, সোমবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে। যদিও প্রযুক্তিগত কারণে সকালের প্রথম পরিষেবা শুরু করতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ে গোটা ব্যবস্থা। শহিদ ক্ষুদিরাম থেকে সময়ে চালু করা যায়নি পরিষেবা। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় ক্রমে বাড়তে শুরু করে। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা মেট্রোর জন্য অপেক্ষা করতে হয়। অফিস টাইমেও এই সমস্যার সমাধান হয়নি। আধ ঘণ্টা পর পর পরিষেবা শুরু হয়। এদিন মরশুমের সর্বোচ্চ গরম অনুভূত হয়েছে। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা ক্ষোভ উগরে দেন। এদিকে, এদিন বিকেলে এই লাইনে আত্মহত্যার চেষ্টায় এক ঘণ্টার বেশি সময় টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।



