নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনের পেঁচার মোড়ের অদূরে গড়ে উঠেছে জ্যোতি বসু নামাঙ্কিত গবেষণা কেন্দ্র। ওই অনুষ্ঠান ঘিরে শুক্রবার সকাল থেকে অনেক মানুষের সমাগম হচ্ছে। টোটো চালকরাও উত্তেজিত। বাস থেকে কেউ নামলেই তাঁরা চিত্কার করছেন, ‘জ্যোতি বসু ১০ টাকা!’ গবেষণা কেন্দ্রে যেতে গেলে বেশ খানিকটা হাঁটতে হবে। তাই ১০ টাকা খরচ করে বাম কর্মী-সমর্থকরা ধরছেন সেই টোটো। একেবারে টোটোতে বসেই আলোচনা শুরু হচ্ছে জ্যোতি বসুকে নিয়ে।
Advertisement
এদিকে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে বলে ওদিনের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ের বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামি, রাজস্থানের সিকারের সাংসদ অমরা রাম সহ একাধিক নেতৃত্ব উপস্থিত। তাঁদের দেখে আবেগাপ্লুত বাম কর্মী-সমর্থকরা। এদিকে গবেষণা কেন্দ্র উদ্বোধন শেষে গাড়ি পেতেই কালঘাম ছুটল সিকারের সাংসদের। গাড়ির জন্য প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে রইলেন তিনি। সেলফির আবদার মেটালেন। হাত মেলালেন কর্মী-সমর্থকদের সঙ্গে। হাসতে হাসতে বললেন, ‘উদঘাটন হো গিয়া। অব সব ইধার উধার চলা গিয়া।’ কর্মী-সমর্থকরা তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে দেখিয়ে একই সঙ্গে গর্ব ও আক্ষেপ করে গেলেন, ‘বাংলায় তো পারিনি!’



