ওয়াশিংটন, ৫ সেপ্টেম্বর: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির বন্ধুত্বে চিড় ধরেছে। বলা ভালো, সেই বন্ধুত্ব এখন আর নেই। এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। শুল্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের আবহে বোল্টনের এহেন বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জর্জ বুশের আমলে রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত ছিলেন বোল্টন। প্রথম দফায় হোয়াইট হাউজে পা রেখে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেন ট্রাম্প। ২০১৮ সালের ৯ এপ্রিল থেকে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই দায়িত্ব সামলেছেন বোল্টন। ফলে প্রাক্তন বসের মতিগতি সম্পর্কে ভালোই জানেন প্রাক্তন এই কূটনীতিক। সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি। আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কের চোখ দিয়ে দেখেন। একসময় মোদির সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমার ধারণা এখন তা আর নেই। এটা অন্যদের কাছেও শিক্ষণীয়।’
ট্রাম্প প্রশাসন ভারত-মার্কিন সম্পর্ককে এক দশক পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বোল্টন। যে কারণে চীন ও রাশিয়ার প্রতি মোদি ঝুঁকছেন বলে তাঁর অভিমত। শুধু তাই নয়, আমেরিকা ও ট্রাম্পের বিকল্প হিসেবে বিশ্বের কাছে নিজেদের তুলে ধরতে চীন সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।