ওয়াশিংটন, ২৬ অক্টোবর: আশঙ্কাই সত্যি হল, কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (স্থানীয় সময়) এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘এই নতুন শুল্ক লাগুর ফলে, এখন ওরা যা শুল্ক দিচ্ছে, তার থেকে বেশি দিতে হবে।’ দু’দিন আগেই ট্রাম্প ঘোষণা করেন, তিনি কানাডার সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বন্ধ করে দিয়েছেন। কারণ হিসেবে জানা যায়, ওটাওয়া সম্প্রতী একটি বিজ্ঞাপন চালাচ্ছে। যাতে মার্কিন শুল্কের বিরুদ্ধে বক্তব্য রাখা হয়েছে। সেই বিজ্ঞাপনে আবার দেখা গিয়েছে, কানাডার প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে। যাতেই বেজায় চটেন ট্রাম্প।
তখনই তিনি সিদ্ধান্ত নেন কানাডার সঙ্গে আর কোনও আলোচনা নয়, সরাসরি শুল্কের বোঝা চাপানো হবে। সেইমতো ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রোনাল্ড রিগানের শুল্ক সংক্রান্ত বক্তৃতা নিয়ে একটি ভুয়ো বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে কানাডা। রিগান ফাউন্ডেশনও জানিয়েছে, এই বিজ্ঞাপন প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্যকে বিকৃত করছে। ওই বক্তব্য ব্যবহার করার জন্য বা এডিট করার জন্য সংগঠনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এই বিজ্ঞাপনের একটাই উদ্দেশ্যে ছিল। কানাডার সরকার ভেবেছিল, আমেরিকার সুপ্রিম কোর্ট ওদের বাঁচিয়ে দেবে। কিন্তু কানাডার উচ্চ শুল্কের মোকাবিলা এখন আমেরিকা করতে পারে। জাতীয় স্বার্থে শুল্ক আরোপের বিষয়টি রিগানও পছন্দ করতেন।’