হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দির চত্বরে দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত ৬। আহত আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বুধবার তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে বৈকুণ্ঠ দ্বার দর্শনমের জন্য বিষ্ণু নিবাসমে টোকেন বিলি হচ্ছিল। ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। হঠাৎ টোকেন সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু হয়। এরফলেই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় জখমদের রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আহতদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পদস্থ সরকারি কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন চন্দ্রবাবু। এক প্রত্যক্ষদর্শী মহিলা জানিয়েছেন, অত্যধিক ভিড়ের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তাঁর কথায়, ‘পুলিস গেট খুলতেই সবাই টোকেনের জন্য ঝাঁপিয়ে পড়ে। বেশিরভাগই পুরুষ। তাঁদের মাঝে পড়ে বহু মহিলা জখম হয়েছেন। আগে থেকে টোকেন সংগ্রহের কোনও ব্যবস্থা থাকলে এমনটা হতো না। এরই মধ্যে মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। মল্লিকা নামে ওই মহিলা তামিলনাড়ুর সালেম থেকে এসেছিলেন। আগামী ১০ জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী। তার আগে তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ টোকেন বিলির জন্য আলিপরি, শ্রীনিবাসপুরম সহ ৯৪টি সেন্টার চালু করেছিল।



