Bartaman Logo
২৭ মে, ২০২৬

তিরুপতি মন্দিরের টিকিট কাউন্টারে আগুন, আতঙ্ক

তিরুপতি মন্দিরের টিকিট কাউন্টারে আগুন, আতঙ্ক
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
চেন্নাই, ১৩ জানুয়ারি: তিরুপতিতে মন্দিরে আগুন। আজ, সোমবার ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদের লাড্ডু বিতরণের ৪৭ নম্বর কাউন্টারে আগুন লাগে বলে জানা গিয়েছে। আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় মন্দির চত্বর। ব্যাপক আতঙ্ক ছড়ায় দর্শনার্থীদের মধ্যে। খবর পেয়েই ছুটে আসেন মন্দিরের নিরাপত্তারক্ষী এবং দমকল কর্মীরা। অকুস্থলে থাকা ব্যক্তিদের অন্যত্র, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনের দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিছুক্ষণের মধ্যেই আগুনও নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনটি লেগে থাকতে পারে। অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি ওই কাউন্টারে থাকা কম্পিউটারের ইউপিএস থেকে আগুনটি লেগেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরে আগুন লাগার ছবি-ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অপরদিকে, এই ঘটনার কিছুদিন আগেই তিরুপতি মন্দিরে ‘বৈকুণ্ঠদ্বার  সর্বদর্শনম’-এর জন্য টোকেন সংগ্রহ করতে ভক্তরা লাইন দিয়েছিলেন। সেইসময় টোকেন বিলিকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। শুরু হয় হুড়োহুড়ি। সেইসময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের।
Advertisement
সম্পর্কিত সংবাদ