আমন্ত্রণ এসেছিল বিলাসপুর থেকে। কবি সম্মেলনের অনুষ্ঠান। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই আচমকাই সিদ্ধান্ত নিলেন, ট্রেনে যাবেন বিলাসপুরে। অমরকণ্টক এক্সপ্রেসে রায়পুর থেকে রওনা দেন তিনি। ট্রেনে মুখ্যমন্ত্রীকে দেখে অবাক হয়ে যান যাত্রীরা। অনেকেই এগিয়ে এসে কথা বলেন তাঁর সঙ্গে। মুখমন্ত্রীও হাসিমুখে তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। খুদে যাত্রীদের চকোলেট ও বয়স্কদের গীতা উপহার দেন তিনি। এবার থেকে ট্রেনে চেপে রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ট্রেনে চিনাবাদাম খেতে খেতেই সাঁই বলেন, ‘ট্রেনে গেলে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। তাঁদের অভাব-অভিযোগ সম্পর্কে জানা যায়।’



