Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের সঙ্গে দ্বীপাক্ষিক বৈঠক, মহাকাশ ও প্রযুক্তি নিয়ে আলোচনা মাস্ক-মোদির

ট্রাম্পের সঙ্গে দ্বীপাক্ষিক বৈঠক, মহাকাশ ও প্রযুক্তি নিয়ে আলোচনা মাস্ক-মোদির
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: ঠাসা কর্মসূচিতে ভরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর। পরপর বেশ কয়েকটি হাইপ্রোফাইল বৈঠক করলেন তিনি। বৃহস্পতিবার আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ড, নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি বিবেক রামাস্বামী, টেসলা কর্ণধার এলন মাস্ক এবং অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মোদি। 
Advertisement
প্রথমে জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ ও জঙ্গিহানার মোকাবিলায় দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ে জোর দেওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়। গত বুধবার মার্কিন গোয়েন্দা প্রধান পদে তুলসীর নিয়োগে সিলমোহর পড়ে। এজন্য হিন্দু-আমেরিকান গাবার্ডকে অভিনন্দন জানান মোদি। এরই পাশাপাশি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গেও বৈঠকের অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মোদি। তিনি লেখেন, ভারতের ‘ভালো বন্ধু’ মাইকেলের সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও সার্বিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের কথা হয়েছে।
এরপর মাস্কের সঙ্গে বৈঠক নিয়ে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ওয়াশিংটনে টেসলা কর্তার সঙ্গে দারুণ বৈঠক হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে ওঁর ভালো লাগার বিষয়গুলি যেমন মহাকাশ, প্রযুক্তি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আমি ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’ প্রতিষ্ঠায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে ওঁকে বলেছি। টেসলা ও স্পেসএক্স প্রধান মাস্কের সঙ্গে মোদির আলাপ অবশ্য  বহু পুরনো। ২০১৫ সালে মার্কিন সফরের মধ্যেই সান হোসে-তে অবস্থিত টেসলার কারখানা মোদিকে ঘুরিয়ে দেখিয়েছিলেন মাস্ক। সে পর্ব অবশ্য অতীত। বর্তমানে ট্রাম্প প্রশাসনে অন্যতম গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক পদে রয়েছেন মাস্ক। সেই কারণে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে, ভারতের বাজারে মাস্কের টেসলা কিংবা স্টারলিঙ্ক ইন্টারনেটের মতো সংস্থার পা রাখা নিয়ে দু’পক্ষের আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট করেননি মোদি। এর আগে ভারতে কারখানা গড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন মাস্ক। কিন্তু পরে সরকারি লাল ফিতের ফাঁসে থমকে যায় আলোচনা। যদিও মাস্কের সঙ্গে মোদির বৈঠকের পরই সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, আমেরিকার সিইও হিসেবে নাকি প্রশাসনের প্রতিনিধি হিসেবে মাস্ক এই বৈঠক করেছেন? যার উত্তরে ট্রাম্প সাফ বলেন,  ‘সেটা আমি বলতে পারব না। ওঁদের মধ্যে কথা হয়েছে জানি। আমার মনে হয়, ভারতে ব্যবসা করতে আগ্রহী মাস্ক। কিন্তু, মাত্রাতিরিক্ত শুল্কের কারণে ভারতে ব্যবসা করাটা বেশ কঠিন।’
Advertisement
সম্পর্কিত সংবাদ