সংবাদদাতা, ইটাহার: সন্তানের চিকিৎসা করে টোটোয় বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম মা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইটাহারের পোরষা এলাকায় চাঁচল-ইটাহার রাজ্য সড়কে। জখম মহিলার নাম টুলি খাতুন। তাঁর বাড়ি ইটাহারের চাঁকলা লক্ষ্মীপুর গ্রামে। পুলিস সূত্রে খবর, মহিলা দু’বছরের ছেলেকে নিয়ে ইটাহারের বাগবাড়ি এসেছিলেন চিকিৎসার জন্য। সেখান থেকে টোটোতে বাড়ি ফিরছিলেন দু’জনে। টোটোয় মুখোমুখি ধাক্কা মারে ইট বোঝাই ট্রাক্টর। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়।



