নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারকেশ্বর থেকে আরামবাগ—এই ৪২ কিমি রেলপথের জন্য একটি নতুন জিআরপি থানা তৈরির ছাড়পত্র দিল রাজ্য সরকার। রেল পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। ইতিমধ্যেই নতুন থানা গঠনের কাজ জোরকদমে শুরু হয়েছে। বর্তমানে কামারকুণ্ডু জিআরপি থানার অধীনে তারকেশ্বরে একটি ফাঁড়ি রয়েছে। তবে তারকেশ্বরের পর এই রেলপথের কোথাও কোনও অপরাধ ঘটলে রাজ্য পুলিসের স্থানীয় থানাগুলি তদন্ত করে। তারকেশ্বরে নতুন জিআরপি থানা তৈরি হয়ে গেলে এই ৪২ কিমি দীর্ঘ রেলপথের যাত্রীদের আর অভিযাগ জানাতে স্থানীয় থানায় ছুটতে হবে না। পাশাপাশি দক্ষিণেশ্বর এবং বরানগর রেল স্টেশন এতদিন বেলুড় জিআরপি থানার অধীনে ছিল। ফলে এই দুই স্টেশন চত্বরে কোনও অপরাধ ঘটলে, যাত্রীদের অভিযোগ জানাতে হয় হাওড়ায় রেল পুলিসের সুপার অথবা বেলুড় জিআরপি থানায়। সম্প্রতি দক্ষিণেশ্বর এবং বরানগর রেল স্টেশন দু’টিকে দমদম জিআরপির অধীনে আনার রেল পুলিসের প্রস্তাবে সম্মতি দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। ফলে এখন থেকে আর যাত্রীদের অভিযোগ জানাতে বেলুড় ছুটতে হবে না। যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশাপ্রকাশ করেছে রেল পুলিস।



