সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর মন্দিরে গর্ভগৃহে ঢোকার নিয়ম বদলের কথা ঘোষণা করল মন্দির কর্তৃপক্ষ। শ্রাবণ মাসের মতোই এখন থেকে প্রতি পূর্ণিমায় মন্দিরের গর্ভগৃহে ঢুকে জল ঢালতে পারবে না পুণ্যার্থীরা। বাইরে থেকে চোঙের মাধ্যমে জল ঢালতে হবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষের এই নতুন নিয়ম। এখন প্রতি পূর্ণিমায় আগের থেকে পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই দিনে বহু পুণ্যার্থী শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে আসেন তারকেশ্বরে। ভিড় সামলাতে নাজেহাল হতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে জল ঢালার কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে। তারকেশ্বর মন্দিরের প্রধান সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ জানান, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত প্রতি পূর্ণিমাতে পুণ্যার্থীদের চোঙে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে।



