Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে জল অপচয় বন্ধে সক্রিয় প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের

তারকেশ্বরে জল অপচয় বন্ধে সক্রিয় প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকের সন্তোষপুর তেঘরী গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দেওয়া জলের অপব্যবহার রুখতে কাটা হল সংযোগ। কোনও নোটিস না দিয়ে জলের লাইন কাটায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় জল সরবরাহ বিভাগের কর্মীদের।
Advertisement
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জলের অপচয় বন্ধ করার নির্দেশ দেন। এরপর নড়েচড়ে বসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। শুক্রবার দপ্তরের কর্মীরা ও তারকেশ্বর থানার পুলিস তেঘরী গ্রামে হানা দেন। এই গ্রামের বেশ কিছু বাড়িতে বেআইনিভাবে জল জমানো ও অপচয়ের অভিযোগ উঠেছিল। সেখানে জলের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় কর্মীদের। তাঁরা বলেন, বিনা নোটিসে জলের লাইন কাটা যায় না। তাছাড়া বিকল্প ব্যবস্থা না করে জল সরবরাহ বন্ধ করা উচিত নয়। এর প্রতিবাদে সোচ্চার হন তাঁরা। স্থানীয় বাসিন্দা সনাতন দাস ও জন্মেঞ্জয় মান্না বলেন, গ্রামের অনেকেই সাত-আট হাজার টাকা খরচ করে জলের সংযোগ নিয়েছে বাড়িতে। বর্তমানে আমাদের পানীয় ও অন্যান্য কাজের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দেওয়া জলের উপর ভরসা করতে হয়। এলাকায় একটিও টিউবওয়েল নেই। স্বাভাবিকভাবেই অনেকে ছাদে ট্যাঙ্ক বসিয়ে জল ধরে রাখেন। এখন বলা হচ্ছে, ট্যাঙ্কে জল জমিয়ে রাখা যাবে না, কল থাকবে একটা। তাহলে অন্যান্য সময় আমরা জল পাব কী করে?  জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে সম্রাট হাজরা বলেন, নির্দেশ অনুযায়ী কেউ ট্যাঙ্কে জল ধরে রাখতে পারবেন না। দপ্তরের দেওয়া কলের সঙ্গে কোনও পাইপ সংযোগ করা যাবে না। এই নিয়ম মানলে তবেই সকলে জল পাবেন।
সম্পর্কিত সংবাদ