নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক বেসরকারি ব্যাঙ্কের একাংশ কর্মীর সঙ্গে যোগসাজশ করে কোটি টাকা তছরুপ করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল এক মহিলা। সোমবার ভোরে প্রধাননগর থানার অফিসারদের সহযোগিতায় অভিযুক্ত মহিলাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে ত্রিপুরার রাধাকৃষ্ণপুর থানার পুলিস।
পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রিয়াঙ্কা পাল। তার বাপেরবাড়ি শিলিগুড়ির সমরনগরে। ত্রিপুরা পুলিস সূত্রে জানা গিয়েছে, সেখানকার একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। নানা ধরনের ভুয়া নথি প্রদান করে ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল মহিলা। ব্যবসা সহ একাধিক কাজে সেই অর্থ খরচ করার কথাও সে জানিয়েছিল ব্যাঙ্ককে। এই ভুয়া নথি প্রদান করার কাজে ব্যাঙ্কের একাংশ কর্মীকেও কাজে লাগিয়েছিল সে। তাদেরকেও ঋণের টাকা থেকে সামান্য ভাগ দিয়েছিল। এরপরেই ব্যাঙ্ক ঋণ মঞ্জুর করে দেয়। প্রথমদিকে কিছু টাকা ফেরত দিয়েছিল সে। পরে বাকি অর্থ প্রদান না করেই ত্রিপুরা থেকে পালিয়ে যায়। শিলিগুড়িতে বাপেরবাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল ওই মহিলা।
এদিকে, গত জানুয়ারি মাসে ত্রিপুরার রাধাকৃষ্ণপুর থানায় ব্যাঙ্কের তরফে অভিযোগ জমা পড়ে। এরপরেই তদন্তে নামে সেখানকার পুলিস। বিভিন্ন সূত্র মারফত পুলিস জানতে পারে ত্রিপুরা থেকে পালিয়ে শিলিগুড়িতে এসেছে ওই মহিলা। এরপরেই রাধাকৃষ্ণপুর থানার পুলিস শিলিগুড়ির প্রধাননগর থানার সহযোগিতায় অভিযুক্তকে এদিন সমরনগর থেকে গ্রেপ্তার করে। এদিনই তাকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ত্রিপুরা নিয়ে যায় ওই রাজ্যের পুলিসের একটি দল।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ত্রিপুরা পুলিসের একটি মামলায় ওই মহিলা অভিযুক্ত ছিল। প্রধাননগর থানার সাহায্যে এদিন ত্রিপুরা পুলিসের একটি দল তাকে ট্রানজিট রিমান্ডে ধরে নিয়ে গিয়েছে।