নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তোলাবাজি, ভয় দেখানো এবং বেআইনি সিন্ডিকেট পরিচালনার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল উত্তর হাওড়া তৃণমূলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আনন্দ গুপ্ত ওরফে টিঙ্কু। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার নিমতা থেকে তাঁকে গ্রেপ্তার করে মালিপাঁচঘড়া থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার একটি বিশেষ দল নিমতায় অভিযান চালায়। সেখান থেকে আনন্দকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও স্থানীয়দের ভয় দেখানোর বহু অভিযোগ ছিল। বেশ কিছুদিন ধরে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, গত ১৪-১৫ বছর ধরে উত্তর হাওড়ার টোটো সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠেছিল টিঙ্কু। সালকিয়া চৌরাস্তা, বাঁধাঘাট মোড়সহ বিভিন্ন টোটো স্ট্যান্ড থেকে নিয়মিত টাকা তোলা হত বলে অভিযোগ। টোটো চালকদের একাংশের দাবি, প্রতি টোটো থেকে দৈনিক পাঁচ টাকা করে নেওয়া হত। নতুন টোটো রুটে নামাতে গেলে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হত বলেও অভিযোগ। প্রতিবাদ করলে টোটো আটকে রাখা বা রুটে চলাচলে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটত বলে দাবি তাঁদের।
শুধু টোটো সিন্ডিকেট নয়, স্থানীয়দের অভিযোগ, প্রোমোটিং ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন কাজেও প্রভাব খাটাত টিঙ্কু। নতুন ফ্ল্যাট কেনা, বাড়ি সংস্কারের ক্ষেত্রেও নির্দিষ্ট ব্যবসায়ী বা প্রোমোটারের সঙ্গে কাজ করার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। বহুবার থানায় অভিযোগ জানিয়েও ফল মেলেনি বলেই দাবি স্থানীয়দের। অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন সিন্ডিকেট রাজ চলেছিল। টিঙ্কুর গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বাসিন্দাদের একাংশ বলেন, দীর্ঘদিন ধরে দাদাগিরি ও তোলাবাজির জেরে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আনন্দ গুপ্ত আগে দলের পদাধিকারী থাকলেও দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিল না। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফাইল ছবি