Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া উত্তরে তৃণমূল নেতা ধৃত, ভাঙল অবৈধ পার্টি অফিস

উলুবেড়িয়া উত্তরে তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় দুর্নীতি ও দাদাগিরির অভিযোগ। বিস্তারিত পড়ুন।

উলুবেড়িয়া উত্তরে তৃণমূল নেতা ধৃত, ভাঙল অবৈধ পার্টি অফিস
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: তোলাবাজি, দুর্নীতি, দাদাগিরি সহ একাধিক অভিযোগে এবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকার এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল রাজাপুর থানার পুলিশ। ধৃতের নাম সুরজিৎ মণ্ডল। বুধবার রাতে বাণীবন অঞ্চলের জোড়াপোল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত নেতা বাণীবনে তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্ব ছিলেন। তাঁকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক একদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। 

Advertisement

জানা গিয়েছে, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল মাজির ঘনিষ্ঠ এই সুরজিৎ। তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় ‘দাদাগিরি’ করতেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি সুরজিতের নামে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় সুরজিৎ এলাকায় ‘দাদাগিরি’ চালাতেন। সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাতেন। সেই ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেতেন না। সুরজিৎ গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। 
বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা বলেন, তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা কেউ ছাড় পাবে না। এটা সবে শুরু। শুধু বাণীবন অঞ্চল নয়, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো নেতা ছাড় পাবেন না বলে দাবি করেন রমেশবাবু। অন্যদিকে, এই বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুর অঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেআইনিভাবে তৃণমূলের কার্যালয় গড়া হয়েছিল। সেটি এদিন বুলডোজার চালিয়ে ভেঙে দেয় প্রশাসন। জানা গিয়েছে, তৃণমূলের আমলে বেআইনিভাবে ওই কার্যালয়টি তৈরি করা হয়েছিল। সম্প্রতি বিধায়ক চিরণ বেরা এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়।     

Advertisement
সম্পর্কিত সংবাদ