Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দোল উত্সবকে ঘিরে জনসংযোগে নজর তৃণমূল কংগ্রেস-বিজেপির

দোরগোড়ায় বিধানসভা ভোট। তার আগে দোল উৎসবকে কেন্দ্র করে জনসংযোগে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল।

দোল উত্সবকে ঘিরে জনসংযোগে নজর তৃণমূল কংগ্রেস-বিজেপির
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ, রায়গঞ্জ ও সংবাদদাতা বালুরঘাট: দোরগোড়ায় বিধানসভা ভোট। তার আগে দোল উৎসবকে কেন্দ্র করে জনসংযোগে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। কেউ উদযাপন করলেন প্রাক হোলি উৎসব, অনেকে মন দিলেন উৎসব আয়োজনে। নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রঙের উৎসবে মাতোয়ারা গৌড়বঙ্গের রাজনীতি।

Advertisement

সোমবার নিজের ওয়ার্ডে হোলি উৎসবে মেতে ওঠেন ইংলিশবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সুজিত সাহা। দোলের একদিন আগেই তিনি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে হোলি খেলেন। ওয়ার্ডের কচিকাঁচা, ছাত্র-যুব থেকে শুরু করে প্রবীণ বাসিন্দারাও এই প্রাক উৎসবের সঙ্গী হন। সুজিত বলেন, সারা বছর এই সমস্ত মানুষদের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকি। তাই তাঁদের ছাড়া হোলি উদযাপন ভাবাই যায় না। 
প্রাক হোলি উদযাপন করেছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। শহরের বিভিন্ন অংশের মানুষদের নিয়ে উত্সবের ছবি, ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
দোল উৎসবে বিশেষ নজর বিজেপি নেতৃত্বও। ইংলিশবাজারের মহানন্দা তীরবর্তী একটি নামী হোটেলে তারা দোল উৎসবের আয়োজন করে। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, আমরা দলের তরফে দোল উৎসব উদযাপন তো করবই, পাশাপাশি, ইংলিশবাজার বিধানসভার পক্ষ থেকেও আয়োজন করা হয়েছে। 
বিধানসভা ভোটের আগেই বাঙালির বসন্ত উৎসবকে জনসংযোগের অন্যতম হাতিয়ার করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও। বিজেপির তরফে বালুরঘাট শহরে গানের আসর হয়। শহরের দীপালিনগর মাঠে বাংলা ব্যান্ড এনে অনুষ্ঠান করছে বিজেপি। স্থানীয় বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিধায়ক অশোক লাহিড়ীও সেখানে উপস্থিত থাকবেন। দলের টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, বসন্ত উৎসব এলে প্রত্যেকবার নানা আয়োজন করা হয়। এ বছরও বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের জনপ্রতিনিধি এবং নেতৃত্ব যাবে।
তৃণমূলের তরফেও জেলার একাধিক জায়গায় বসন্ত উৎসব করা হচ্ছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা সহ দলের সমস্ত কাউন্সিলার, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষরা সেখানে অংশ নেবেন। তাঁরা জনসংযোগ করবেন বাড়ি বাড়ি গিয়ে। তৃণমূলের টাউন সভাপতি সুভাষ চাকি বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। দলের একাধিক কর্মসূচি রয়েছে। 
ব্যতিক্রমী নয় উত্তর দিনাজপুর জেলাও। রায়গঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রতন মজুমদারের উদ্যোগে দোল উৎসব হয়। নাচ, গান, কবিতা, আবৃত্তিতে মাতোয়ারা হন ওয়ার্ডের সমস্ত মানুষ। মঙ্গলবার সকাল থেকে দোল উৎসবে সামিল হবেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসও। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, দোল উৎসবের মধ্য দিয়ে আমাদের জনসংযোগ কর্মসূচি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ