দূষণ রোধে গ্যাসে চলবে ট্রলার, ট্রায়াল রান দক্ষিণ ২৪ পরগনায়
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার জলপথেও পরিবেশ বাঁচানোর উদ্যোগ। এতদিন মাছ ধরার ট্রলারগুলি ডিজেল পুড়িয়ে সমুদ্রে যাতায়াত করত। এতে দূষণ হত। খরচও বেশি। এবার ডিজেলের বদলে গ্যাসে ট্রলার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নদীতে দূষণের মাত্রা যেমন কমবে, তেমনই খরচের বহরও কমবে। দক্ষিণ ২৪ পরগনায় পরীক্ষামূলকভাবে এটি চালু হতে চলেছে। আপাতত ছ’টি ট্রলারে গ্যাস ভরা হবে। একটি সিলিন্ডারে কতটা দূরত্ব অতিক্রম করা যাচ্ছে, তা খতিয়ে দেখা হবে। তার উপর ভিত্তি করে রিপোর্ট দেবে প্রশাসন। যদি এতে লাভ হয়, তখন সব ট্রলারকেই ডিজেলের বদলে গ্যাসে চালানোর উপযোগী করে তোলা হবে। এ ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সহযোগিতা করছে। তারাই ট্রলারে গ্যাস ভরানোর দায়িত্ব নিয়েছে। এই নয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রিনিং অব মেরিন। কেন্দ্রের উদ্যোগ ও রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ হচ্ছে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানার উপস্থিতিতে বুধবার এ নিয়ে কাকদ্বীপে বৈঠক করেছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, মৎস্যজীবী সংগঠনগুলির প্রতিনিধিরা ওই বৈঠকে হাজির ছিলেন। এক আধিকারিক বলেন, ট্রলারের ইঞ্জিনে খুব বেশি বদল আনা হবে না, তবে কিছু যন্ত্রাংশ পরিবর্তন করতে হবে। কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক  বিজন মাইতি বলেন, এটা ভালো উদ্যোগ। আশা করছি, আমাদের লাভ হবে।

Advertisement