Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের রোষে কলকাতা থেকে রাজ্য পুলিশে বদলি! ৪৯ কর্মীকে কলকাতায় ফেরাল নয়া সরকার

তৃণমূলের রোষে কলকাতা থেকে রাজ্য পুলিশে বদলি! ৪৯ কর্মীকে কলকাতায় ফেরাল নয়া সরকার
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে শাপমোচন! ২০১৬ সালের বিধানসভা ভোটে অতি সক্রিয়তার অভিযোগ ছিল। সে অভিযোগে তৎকালীন শাসক দল তৃণমূলের রোষে কলকাতা থেকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে রাজ্য পুলিশে বদলি হয়েছিলেন পুলিশকর্মীরা। তাঁদের কলকাতায় ফেরাল বিজেপি সরকার।

Advertisement

সেই সঙ্গে  দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার অবসান হল। শুক্রবার স্বরাষ্ট্র দপ্তর রাজ্য পুলিশে কর্মরত থাকা ৪৯ পুলিশকর্মীকে কলকাতা পুলিশে বদলি করেছে। বদলি হওয়া পুলিশকর্মীদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইনসপেক্টর, এসআই, এএসআই, কনস্টেবল রয়েছেন। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশে বদলির সময় কলকাতার পুলিশকর্মীরা যে ইউনিটে কর্মরত ছিলেন তাঁদের সেখানেই বদলি করা হয়েছে। স্বভাবতই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশির ছোঁয়া কলকাতা পুলিশের সর্বস্তরের কর্মী মহলে। উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা ভোটের দিন কলকাতায় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোটের ডিউটি করতে গিয়ে তৃণমূলের রোষে পড়েন ওই পুলিশকর্মীরা। গত ১০ বছরে ভুক্তভোগী পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের বারবার আবেদন নিবেদন সত্ত্বেও তৃণমূল সরকার ওই পুলিশকর্মীদের কলকাতায় ফেরায়নি। তৎকালীন রাজ্য পুলিশের দু-একজন শীর্ষকর্তা ওই পুলিশকর্মীদের ফেরানোর উদ্যোগ নিলেও ওয়েলফেয়ারের নেতাদের  চক্রান্তে তা বারেবারে ভেস্তে গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে ২০১৬ সালে রাজ্য পুলিশে বদলি হওয়া পুলিশকর্মীদের অনেকেই রাজ্য পুলিশে থাকা অবস্থায় অবসর নিয়েছেন। তেমনই রাজ্য পুলিশে বদলি হওয়া তৎকালীন সময় কলকাতা পুলিশের ডিসি (উইমেন)দেবশ্রী চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে কলকাতার বাড়ি ফেরার পথে এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। ফলে সবাই ফিরে এলেও দেবশ্রীর কলকাতায় ফেরা হল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ