সংবাদদাতা, বনগাঁ: অন্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় ২৪ কোটি টাকার আর্থিক লেনদেন। বনগাঁ সাইবার ক্রাইম থানার হাতে গ্রেপ্তার অভিযুক্ত। শুক্রবার রাতে হুগলির রিষড়া থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালো টাকা সাদা করতে অন্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেন করেছেন অভিযুক্ত।
বনগাঁ আদালতের ল’ ক্লার্ক তথা গোপালনগরের বাসিন্দা এক ব্যক্তির নথি ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। ২০২২ সালে অভিযোগকারী আয়কর সংক্রান্ত কাজ করতে গিয়ে জানতে পারেন, রাজারহাটে একটি ব্যাংকের শাখায় তাঁর ভোটার, প্যান কার্ড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এমনকী পরিচয়পত্রের ছবি পরিবর্তন করে শুধুমাত্র নাম ও নম্বর ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। পরবর্তীতে কেওয়াইসি হিসাবেও ওই নথি ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ওই ব্যাংকের শাখায় গেলে ব্যাংক ম্যানেজার কোনো তথ্য দেননি বলে অভিযোগ। এরপরই বনগাঁ সাইবার থানায় অভিযোগ করেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই অ্যাকাউন্টে প্রায় ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। পুরোটাই কালোবাজারির টাকা বলে অনুমান পুলিশের। মূলত আয়কর দপ্তরের চোখ ফাঁকি দিতেই অভিযুক্তরা নিজেদের কালো টাকা অন্যের অ্যাকাউন্টের মাধ্যমে সাদা করেছেন বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রিষড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ধৃতকে শনিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।