নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নামে ব্যাঙ্কে রহস্যজনকভাবে ১৫ কোটি টাকা জমা পড়েছে। বুধবার এমনই দাবি করে সেই অর্থের উৎস সন্ধানে সুমিতকে হেপাজতে নিয়ে জেরা করার জন্য আরজি জানাল পশ্চিমবঙ্গ সরকার। এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ওই লেনদেন বরফের চূড়া মাত্র। অনেক গভীরে রয়েছে এই অনৈতিক কাজকর্ম। জমি বিক্রির মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। ব্যাঙ্ক লেনদেনে পদবির বানান দু’রকম হলেও প্যান এক। ফলে সন্দেহজনক লেনদেনের তদন্তে অভিযুক্তকে হেপাজতে নেওয়া প্রয়োজন। তদন্তের বিস্তারিত টান্সক্রিপ্ট সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে জমাও দেন তিনি।



