Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রথের সাজে গড়িয়াহাট থেকে শ্যামবাজার পর্যন্ত চলবে ট্রাম

পরিবর্তনের জমানায় রথযাত্রায় শহরের ঐতিহ্যবাহী ট্রাম সাজবে রথের বেশে। ট্রামের ভিতরে রাখা হবে জগন্নাথ-বলরাম-শুভদ্রার মূর্তি।

রথের সাজে গড়িয়াহাট থেকে শ্যামবাজার পর্যন্ত চলবে ট্রাম
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবর্তনের জমানায় রথযাত্রায় শহরের ঐতিহ্যবাহী ট্রাম সাজবে রথের বেশে। ট্রামের ভিতরে রাখা হবে জগন্নাথ-বলরাম-শুভদ্রার মূর্তি। বুধবার গড়িয়াহাট ট্রাম ডিপোয় সেই ট্রামকে সাজিয়ে তোলার কাজ চলেছে জোরকদমে। আজ, বৃহস্পতিবার সকালে গড়িয়াহাট ডিপো থেকে রথের বেশে ট্রাম যাবে ধর্মতলা হয়ে শ্যামবাজার পর্যন্ত। এর আগে ট্রামযাত্রা ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন শহরের বুকে ট্রাম বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। তবে রথের দিন এমন ট্রামযাত্রা এই প্রথম। ওই সংগঠনের তরফে সাগ্নিক গুপ্ত বলছিলেন, ‘বিগত সরকার ট্রাম তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল। ট্রাম নিয়ে এই নতুন সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের খুবই ভালো লেগেছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ হয়ে যাওয়া ট্রাম রুটগুলি ফের চালু করার কথা বলছে। এটা আমাদের ট্রামপ্রেমীদের কাছে উৎসাহের।’ এই পরিস্থিতিতে শহরের ট্রামপ্রেমীরা দীর্ঘদিন ধরে পুনরায় ট্রাম রুট চালু করার যে আন্দোলন করছেন, তাতে বাড়তি অক্সিজেন জুগিয়েছে সরকার। সেই উৎসাহে এই বছর রথযাত্রায় প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হল। সাগ্নিকের কথায়, ‘দুই বগির একটি ট্রামকে আমরা রথের বেশে সাজাচ্ছি। মোটামুটি সকাল সাড়ে ১০টা নাগাদ গড়িয়াহাট থেকে ট্রাম ছাড়ার কথা রয়েছে।’ এদিন উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের। পাশাপাশি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ