গুয়াহাটি, ৫ নভেম্বর: রাস্তায় অফিস যাওয়ার সময় যানজটে আটকে যান? অফিস যেতে বা বাড়ি ফিরতে লেট হয়? আপনার এই চিন্তার অবসান হয়ত এবার হতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাসের মতোই এবার আগাম জানা যাবে যানজটের পূর্বাভাস। এমনই গবেষণা করে তাক লাগালেন আইআইটি গুয়াহাটির গবেষকরা। ভারতের রাস্তার যানজট ও গাড়ির গতিবিধি বোঝার জন্য গবেষকরা একটি প্রযুক্তি নির্ভর মডেল তৈরি করেছেন। যার মাধ্যমে আগে থেকেই জানা যাবে কোথায় কখন জ্যাম থাকবে। ফলে যাত্রীরা সেই সময় ওই রাস্তা এড়িয়ে যেতে পারবেন। এই গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জর্নালে প্রকাশিত হয়েছে।
জানা গিয়েছে, গবেষকরা দিল্লির কাছেই একটি আট লেনের জাতীয় সড়কে ড্রোন উড়িয়ে গাড়ির গতিবিধি রেকর্ড করেন। এর মাধ্যমে তাঁরা ৩৬ হাজারেরও বেশি গাড়ির তথ্য এবং ৯০ লক্ষ গাড়ির অবস্থানের তথ্য পেয়েছেন। সেই তথ্য ব্যবহার করে গণিত ও মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে এই ট্রাফিক পূর্বাভাস মডেল তৈরি করা হয়েছে। এই গবেষণা থেকে যানজট সম্পর্কিত অনেক তথ্যই উঠে এসেছে। রাস্তা ফাঁকা থাকলে গাড়িগুলি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে। কিন্তু যানজট বাড়লে এক জায়গায় প্রায় অনেক গাড়ি জমা হয়ে যায়। গবেষকদের মতে প্রতি কিলোমিটারে প্রায় ৯০০টি গাড়ি জমা হয়ে যায়। আবার যানজট থাকলে গাড়িগুলির মধ্যে দূরত্ব কমে যায়। ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
এই নতুন প্রযুক্তির সাহায্যে কোন রাস্তায় কখন যানজট হবে সেই বিষয়ে আগাম জানা যাবে। কোন রাস্তায় কত গাড়ি চলতে পারে সেই বিষয়েও ধারণা করা যাবে। অ্যাম্বুলেন্স, দমকল ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে যাওয়ার রাস্তা খুঁজে নেবে। এই প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে উন্নত ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বিদেশে এই ধরণের ট্রাফিক মডেল নিয়ে আগে গবেষণা হয়েছে। কিন্তু ভারতের একটি রাস্তায় একসঙ্গে অনেক গাড়ি চলাচল করে। ফলে এই গবেষণা দেশের ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে সাহায্য করবে বলে মনে করছেন মডেলটির র্মিতারা । তবে বাস্তবে এই প্রকল্প চালু করতে খরচ, ড্রোন ওড়নোর অনুমতি এই সব সমস্যা মোকাবিলা করতে হবে। ভবিষ্যতে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারলে দেশের যানজট নিয়ন্ত্রণে নতুন দিশা দেখাতে পারে।



