দিল্লির বাতাসে বিষ! একিউআই ৩৬৭, দীপাবলিতে কী হবে? বাড়ছে উদ্বেগ
  • ৫ নভেম্বর, ২০২৬ ১১:১৫
Prefer us on Google

নয়াদিল্লি, ৫ নভেম্বর: দীপাবলির আগেই ভয়াবহ অবস্থা দিল্লিজুড়ে! বাতাসে মিশে বিষ! বৃহস্পতিবার রাজধানী দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’। ধোঁয়াশায় ঢেকেছে একাধিক এলাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তরফে দেওয়া একটি তথ্য অনুযায়ী, এদিন শহরের একিউআই পৌঁছে যায় ৩৬৭-তে।

Advertisement

দিল্লির আলিপুর সবচেয়ে বেশি দূষিত বলে জানা গিয়েছে। সেখানকার বাতাসের গুণমান সূচক ৪২৭-এ গিয়ে ঠেকেছে। পরিস্থিতি ‘ভয়াবহ’ জানানো হয়েছে সিপিসিবি-র তরফে।

কীভাবে বোঝা যাবে, কোথাকার পরিস্থিতি কতটা ভয়াবহ? একিউআই পরিমাপ পদ্ধতি অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে বাতাসের গুণমান সূচক (একিউআই) থাকলে তা ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’ বা ‘মডারেট’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে সূচক থাকলে তা ‘ভয়াবহ’ বা ‘সংকটজনক’ বলে ধরা হয়।

দিল্লিতে বাতাসের গুণমান সূচক গত কয়েক দিনে ১০০ থেকে ২০০-র মধ্যে ঘোরাফেরা করে। তবে সোমবার,  ২ নভেম্বর থেকেই তা ঊর্ধ্বমুখী। ৩০০ ছাপিয়ে গিয়েছে। যা কিনা বাতাসের গুণমান সূচকের পরিমাপ অনুযায়ী, ‘খুব খারাপ’। এবার বৃহস্পতিবার তা এসে ঠেকেছে ৩৬৭-এ। অর্থাৎ দিল্লির বাতাসে বিষের মাত্রা ক্রমশ বাড়ছে! দীপাবলির আগেই এই পরিস্থিতি হলে, দীপাবলি কিংবা তার পরবর্তী সময়ে কী অবস্থা হবে? উদ্বেগে পরিবেশবিদ থেকে শুরু করে সেই রাজ্যের সাধারণ মানুষও।