দেরাদুন: উত্তরাখণ্ডে মানুষ ও বন্যাপ্রাণীদের সংঘাত ক্রমশ প্রকট হচ্ছে। এবার লেপার্ডের হানায় প্রাণ হারাল সাত বছরের এক কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পৌরি জেলার খান্ডুসাইন গ্রামে। খবর পেয়ে মঙ্গলবার সেখানে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক রামকুমার পোরি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রায় ৯০ মিনিট আটকে ছিল বিধায়কের গাড়ি। রাজ্য সরকার ও বনদপ্তরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কিন্তু বুধবারও সেখানকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। তেহশিলদার রাজেন্দ্র গোস্বামী ও বনদপ্তরের এসডিও আয়েশা বিস্তকে একটি দোকানোর মধ্যে আটকে রাখেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পৌরি-দেবপ্রয়াগ রোডও অবরোধ করেন তাঁরা। জানা গিয়েছে, সন্ধ্যায় শিশুটি উঠোনে খেলছিল। সেই সময় সামনের জঙ্গল থেকে লেপার্ড এসে নাবালিকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের চিৎকার-চেঁচামেচি শুনে পড়শিরা ছুটে আসেন। কিন্তু কোনো কাজে আসেনি। পরে শিশুর নিথর দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, লেপার্ডের মতো বন্যপ্রাণী যাতে লোকালয়ে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে হবে। এজন্য নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও বেশি খাঁচা বসানো দরকার। এবার শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না। অবিলম্বে লেপার্ডটিকে ধরতে হবে।



