নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রেনের প্যান্টোগ্রাফে জ্বলন্ত ফানুস আটকে বিপত্তি ঘটল রবিবার রাতে। আগুন ধরে যায় প্যান্টোগ্রাফে। ফলে, শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা-বারাসত লোকাল ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। স্থানীয়দের দাবি, এর জেরে প্রায় ৩০ মিনিট এই শাখায় ট্রেন ঠিকমতো চলেনি। পরে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীদের তৎপরতায় প্যান্টোগ্রাফ সারাই করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় কালীপুজোর উদযাপন চলছিল। বিসর্জনও চলে। বাজি ফাটানোর পাশাপাশি রাতের আকাশে ফানুসও উড়ছিল। বনগাঁ-শিয়ালদহ শাখার ডাউন গোবরডাঙা বারাসত লোকাল মছলন্দপুর, সংহতি স্টেশন অতিক্রম করে হাবড়া স্টেশনে ঢোকার কিছু আগেই ট্রেনের প্যান্টোগ্রাফ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। ক্রমেই সেই আগুন বাড়তে থাকে। বিষয়টি জানার পর হাবড়া স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। চলন্ত ট্রেনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, এর জেরে রবিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। সারাইয়ের কাজ শেষ হওয়ার পরেই গোবরডাঙা-বারাসত লোকাল বারাসতে এসে পৌঁছয়। ট্রেন যাত্রী রিমা দত্ত বলেন, বারাসতে আসছিলাম কালীপুজো দেখতে। সেই সময় রাস্তার মাঝে ট্রেন বন্ধ হয়ে যায়। সিপিআরও কৌশিক মিত্র বলেন, ট্রেনের তারে ফানুস আটকে গিয়েছিল। এর ফলে ২৫ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল।



