সংবাদদাতা, দেওয়ানহাট: তুফানগঞ্জের রসিকবিলে আজ, শুক্রবার থেকে শুরু হবে পাখি শুমারি। এদিন সকালে রসিকবিলের মিনি জু’তে আসবে বিশেষ প্রশিক্ষিত দল। এই শুমারিতে উঠে আসবে এবছর শীতে তুফানগঞ্জের রসিকবিলে ঠিক কত পরিযায়ী পাখি এসেছে। সেই সঙ্গে রসিকবিলের ঝিলে মোট কত প্রজাতির পাখি আছে সেটাও বনদপ্তরের সমীক্ষায় উঠে আসবে।
Advertisement
পরিযায়ী পাখিদের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে আগেই বনদপ্তরের পক্ষ থেকে ঝিল পরিষ্কার করা হয়েছিল। এবছর নির্ধারিত সময়ের আগে থেকেই পরিযায়ীর ঝাঁক আসতে শুরু করেছিল ওই ঝিলে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর শীতে রসিকবিলের বিশাল জলাশয়ে পরিযায়ীর একটি বিরাট অংশ সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া ও চীনের মতো ঠান্ডা এলাকার দেশ থেকে আসে। ফলে গ্রে হেডেড ল্যাপউইং, কটন পিগমি গুস্, লেজার উইস্লিং ডাক, পিঙ্কটিল, পোচার্ড, ফিরোজেনাস পোচার্ড সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ীর কলতান শীতে মুখরিত হয়ে থাকে রসিকবিলের ঝিলে। সেই সঙ্গে তো আছেই স্থানীয় সরাল, মাছরাঙা, পানকৌড়ি সহ অন্যান্য প্রজাতির বিভিন্ন পাখির কলতান। সাধারণত, এই পাখির দল নভেম্বর মাস থেকে আসতে শুরু করলেও এবছর অক্টোবর থেকেই আসা শুরু করেছিল। ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা এখানে থাকে। তার মাঝে সেখানে বাসা তৈরি করে ডিম দেয়। গত বছর প্রায় ৬ হাজার পরিযায়ী পাখি এই ঝিলে দেখা গিয়েছিল। এবছর ঠিক কত পাখি এখানে এসেছে তা জানতেই শুরু হবে পাখি শুমারি।



