Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তুফানগঞ্জ পুরসভায় এলেন না তৃণমূল কাউন্সিলাররা

তুফানগঞ্জ পুরসভায় এলেন না তৃণমূল কাউন্সিলাররা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: তৃণমূল কংগ্রেস পরিচালিত তুফানগঞ্জ পুরসভার সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেল। দলের চাপে চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোরকে মেনে নিলেও ভাইস চেয়ারম্যান তনু সেনকে অপসারণের দাবিতে বিক্ষুব্ধ কাউন্সিলাররা এখনও অনড় রয়েছেন। সোমবার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান ছাড়া কোনও কাউন্সিলারকে পুরভবনে দেখা যায়নি। অনাস্থা প্রত্যাহারের পরেও তাঁরা কার্যত বয়কট করে রাখলেন পুরসভা। যা নিয়ে ফের গুঞ্জন ছড়িয়েছে। 
Advertisement
উল্লেখ্য, ১৭ জানুয়ারি চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোরের বিরুদ্ধে অনাস্থা আনেন দলের ১০ জন বিক্ষুব্ধ কাউন্সিলার। পুর আইন অনুযায়ী চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান নির্দিষ্ট সময়ের মধ্যে তলবি সভা না ডাকায় তিন কাউন্সিলারের ডাকে ১৩ ফেব্রুয়ারি আস্থা ভোট সম্পন্ন হয়। সংখ্যাগরিষ্ঠ ভোটে চেয়ারপার্সনের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব পাশ হয়। যা নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয় রাজনৈতিক মহলে। এরপরই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ১৪ ফেব্রুয়ারি কোচবিহার জেলা তৃণমূল অফিসে ১২ জনকে নিয়েই আলোচনায় বসেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এরপর সাংবাদিক বৈঠক করে চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোরের বিরুদ্ধে আনা অনাস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখনও যে সবকিছু স্বাভাবিক হয়নি তা কাউন্সিলাদের কর্মকাণ্ডে উঠে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধ কাউন্সিলারদের একজন সোমবার বলেন, দলীয় সব কর্মসূচিতে আমরা সকলে অংশগ্রহণ করছি। তবে যতক্ষণ না পর্যন্ত ভাইস চেয়ারম্যানকে সারানো হচ্ছে আমরা আমাদের দাবিতে অনড়। আপাতত কেউ পুরসভায় যাব না। পরবর্তী সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হবে। যদিও ভাইস চেয়ারম্যান তনু সেন এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। কৃষ্ণা ঈশোর বলেন, কাউন্সিলাররা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে তাঁরা পুরসভায় কেন আসেননি আমার জানা নেই। 
আর এ নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাস বলেন, তুফানগঞ্জ পুরসভার এই ডামাডোলের কারণে সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। সঠিক সময় শহরবাসী এর যোগ্য জবাব দেবে। তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, সমস্ত সমস্যা মিটে গিয়েছে। বিরোধীরা কুৎসা করছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ