নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত রবিবার মেট্রো চলাচল বন্ধ থাকবে। শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে জরুরি কাজের জন্য টালিনালার উপরের অংশে যাত্রী পরিষেবা মিলবে না। যদিও টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই শহরের ব্যস্ততম এই মেট্রো লাইনের দক্ষিণ অংশের প্রান্তিক স্টেশনে বিপর্যয় ঘটে। কবি সুভাষ মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ে। তারপর থেকে শহিদ ক্ষুদিরাম প্রান্তিক স্টেশন হিসাবে আত্মপ্রকাশ করে। এই স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্তমানে মেট্রো চলাচল করছে। কিন্তু শহিদ ক্ষুদিরামে রেক ঘোরানোর পরিকাঠামো নেই। তা গড়তে শনিবার রাতে পরিষেবা শেষের পর কাজ শুরু হবে। সোমবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর সম্পূর্ণ অংশে যাত্রীরা পরিষেবা পাবেন।



