নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে শুক্রবার ফের মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। বেঙ্গালুরুতে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু ইউনাইটেড। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে লাজংয়ের কাছে পরাস্ত হয় রেড রোডের ক্লাব। সীমিত শক্তি নিয়েও ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। ট্রান্সফার ব্যান থাকায় কোনো বিদেশিকে সই করাতে পারেনি মহমেডান। চোট সাকা ও রেমসাঙ্গার। স্যাফ খেলতে গিয়েছিন এডিসন। অফিস খেলার জন্য ইসরাফিলও অনিশ্চিত। তার উপর বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামের টার্ফে ম্যাচ খেলতে হবে। সবমিলিয়ে কার্যত করুণ দশা সাদা-কালো ব্রিগেডের। ভাঙা দল নিয়ে কোনওরকমে ১ পয়েন্ট পেলেই বর্তে যাবে ম্যানেজমেন্ট। দলে আর্থিক সমস্যাও তীব্র। কোনো রকমে কো-স্পনসর জোগাড় করেছে ম্যানেজমেন্ট। আপাতত বেতন দিতে তারাই ভরসা।



