আজ আফগানদের বিরুদ্ধে আর্যবীরই ভরসা ভারতের
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আল আমেরাত: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালে বৃহস্পতিবার ভারতের সামনে আফগানিস্তান। পাকিস্তানের কাছে গ্রুপ লিগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে চেনা ছন্দে আর্যবীর সেওয়াগ, লক্ষ্য রাইচন্দানিরা। ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ভারতীয় যুব দল। দিনের অপর সেমি-ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ। অর্থাৎ, ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা উজ্জ্বল। সেক্ষেত্রে গ্রুপ পর্বে হারের বদলা নেওয়ার সুযোগ থাকবে ভারতের কাছে। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসাবেই শেষ চারের লড়াইয়ে নামবে দুরন্ত ফর্মে থাকা পাক দল।

Advertisement

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আফগানদের মোকাবিলায় নামার আগে কিছুটা সতর্ক টিম ইন্ডিয়া। পরিসংখ্যানে যতই এগিয়ে থাক, টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে মিডল অর্ডারের ব্যর্থতা। রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় একেবারেই ছন্দে নেই। প্রত্যাশা পূরণে ব্যর্থ যশবর্ধন চৌহানও। ওপেন করতে নেমে ক্যাপ্টেন লক্ষ্য রাইচন্দানিও বড়ো রান পাননি। তবে তারই মধ্যে ভরসা জোগাচ্ছেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর। আরব আমিরশাহির বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ১৬০ রানে ভর করে শেষ চারের টিকিট পাকা করেছে ভারত। তিন ম্যাচে জুনিয়র সেওয়াগের নামের পাশে ২৫২ রান। গড় ১২৬। ফর্মে আছেন অর্জুন রাজপুত, ভিকে বিনীতও। বল হাতে আগুন ঝরাচ্ছেন পেসার ঈশান সুদ। ৩ ম্যাচে তাঁর ঝুলিতে ৮টি উইকেট। আর স্পিনে ভরসা দিচ্ছেন মানাল চৌহান।
আফগানিস্তান অবশ্য সহজে হাল ছাড়বে না। লিগের তিন ম্যাচেই জিতেছে তারা। ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছেন ফয়সাল রহিমি, সুভান জাখাইল, আবদুল্লা নাদারজান। বোলিংয়ে সেরা অস্ত্র নুর আলির বিধ্বংসী পেস। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বাধিক উইকেটের মালিক তিনি (১৩)। তাই আর্যবীরদের কাজ মোটেই সহজ হবে না।