Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের সাংগঠনিক কাজ দেখভালের জন্য পর্যবেক্ষক

তৃণমূলের সাংগঠনিক কাজ দেখভালের জন্য পর্যবেক্ষক
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সংগঠনের কাজ ঠিকমতো হচ্ছে কি না, দলীয় কর্মসূচি তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছচ্ছে কি না ইত্যাদি বিষয় এবার দেখভাল করবেন পর্যবেক্ষকরা। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অধীনে রাজপুর সোনারপুর পুরসভার ১৭টি ওয়ার্ড এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন। রবিবার কাউন্সিলার, প্রধান, উপপ্রধান সহ অন্যান্য পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের আওতায় থাকা বেশ কয়েকটি ওয়ার্ড হেরেছে তৃণমূল। আশানুরূপ ফল হয়নি পঞ্চায়েতগুলিতেও। সে কথা মাথায় রেখে এখন থেকেই সাংগঠনিক কাজ গোছাতে চাইছে শাসকদল। এবার পর্যবেক্ষকদের মাধ্যমে দলীয় কাজের খোঁজখবর রাখবেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম। রাজপুর সোনারপুর পুরসভার সিআইসি নজরুল আলি মণ্ডল বলেন, দলের সব নির্দেশ তৃণমূল স্তরে মানা হচ্ছে কি না বা সকলে সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকছেন কি না, তা দেখবেন পর্যবেক্ষকরা। তাঁরা বিধায়ককে রিপোর্ট দেবেন। কোথাও খামতি থাকলে সেই মতো ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এদিন এই বৈঠকেই সিপিএম ও বিজেপি থেকে শতাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ