নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদেই বহাল রয়েছেন কুণাল ঘোষ। বিষয়টি সামনে আসে সোমবার। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মন্ত্রী শশী পাঁজা, রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে গিয়েছিলেন কুণাল ঘোষও। একটি চিঠি নির্বাচন কমিশনে তৃণমূলের পক্ষ থেকে জমা দেওয়া হয়। ওই চিঠিতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর ছিল কুণাল ঘোষের। কিছুদিন আগে তৃণমূল সূত্রে খবর পাওয়া যায়, বিতর্কিত মন্তব্যের জন্য রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে কুণালকে অপসারিত করা হয়েছে। কিন্তু রাজ্য সাধারণ সম্পাদক পদ যে কুণাল ফেরত পেয়েছেন, তার তথ্য মিলল নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে।



