Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে নৈহাটির কংগ্রেস প্রার্থী, বিজেপির কটাক্ষ

তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে নৈহাটির কংগ্রেস প্রার্থী, বিজেপির কটাক্ষ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপ নির্বাচন হয়েছে ১৩ নভেম্বর। ভোটের ফল প্রকাশ আগামী শনিবার। তার আগে তৃণমূলের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে নৈহাটির কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকারের যাওয়া নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সর্বত্র আলোচনা হচ্ছে, ভোটের ফল খারাপ হবে, তা আগেই টের পেয়ে গিয়েছে কংগ্রেস। সেই কারণে তৃণমূলের দিকে কি ঝুঁকলেন কংগ্রেস প্রার্থী? যদিও কংগ্রেস প্রার্থীর দাবি, তৃণমূলের পক্ষ থেকে এটি একটি সামাজিক কর্মসূচি। সেই কারণেই গিয়েছিলেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
Advertisement
ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে নৈহাটির মামুদপুর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানেই উপস্থিত হন সদ্য নৈহাটি বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার। তৃণমূলের পতাকা, ব্যানারে সুসজ্জিত মঞ্চে তৃণমূল নেতাদের সঙ্গেই পাশাপাশি চেয়ারে বসেন পরেশনাথবাবু। তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা গিয়েছে তাঁকে। এই ছবি সামনে এনে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কংগ্রেস-তৃণমূলের ‘জোট’-এর তত্ত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের অনুষ্ঠানে কংগ্রেস প্রার্থীর উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। পরেশনাথবাবু দাবি করেছেন, তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তা এলাকার মানুষ জানেন। সামাজিক দায়বদ্ধতার জন্যই উপস্থিত হয়েছিলাম। কিন্তু তা নিয়ে বিজেপির কিছু নেতা কুৎসা-অপপ্রচার করেছেন। বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, পরেশনাথবাবু সামাজিক বিভিন্ন কর্মসূচিতে যান। পরেশনাথবাবুর সম্পর্কে না জেনে বিজেপি মন্তব্য করছে, তা কাঙ্ক্ষিত নয়। 
সম্পর্কিত সংবাদ