নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শুক্রবার সকালে উত্তেজনা ছড়াল স্বরূপনগরের বাংলানি এলাকায়। তৃণমূলের উপপ্রধানকে মারধরে নাম জড়াল দলেরই একাংশের। আক্রান্ত উপপ্রধান ইউনুস আলি মণ্ডল বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও শেষ পাওয়া খবর, এখনও এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ হয়নি। এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে, স্বরূপনগর থানার বাংলানি হঠাৎগঞ্জ বাজারের কাছে সম্প্রতি অবৈধভাবে চালু হয়েছে জুয়া ও মদের আসর। স্থানীয় এক তৃণমূল নেতার মদতেই এই কারবার চলছে বলে অভিযোগ। স্থানীয়রা এনিয়ে অভিযোগ করেন উপপ্রধান ইউনুস আলি মণ্ডলের কাছে। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় যান উপপ্রধান ও তাঁর লোকজন। তখনই উপপ্রধানের সঙ্গে অন্য গোষ্ঠীর লোকজনের বচসা হয়। শুক্রবার সকালে উপপ্রধান বাংলানি বাজারে গেলে তৃণমূলের লোকজন তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে সাঁড়াপুল গ্রামীণ হাসপাতাল ও পরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়। ইউনুস বলেন, ‘অবৈধ ব্যবসার প্রতিবাদ করতেই আমার উপর হামলা হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’ যদিও তৃণমূলের অপর গোষ্ঠীর দাবি, ব্যবসায়িক কারণে সমস্যা। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। সবটাই ব্যক্তিগত।



