নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের তৃণমূলপন্থী সংগঠন ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’-এর ব্যানার ছিঁড়ে ফেলা ও সরিয়ে দেওয়ার অভিযোগে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সদ্যগঠিত এই সংগঠনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা আর জি করের অধ্যক্ষকে চিঠি লিখে এনিয়ে অভিযোগ জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, সোমবার সন্ধ্যায় হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বাড়ি, ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং ট্রমা কেয়ার বাড়ির আশপাশে লাগানো সংগঠনের পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে বা নষ্ট করা হয়েছে। অধ্যক্ষের কাছে ওই তিনটি জায়গার সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছেন। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে এটাও উল্লেখ করেছেন, অভয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন হাসপাতালেও বিক্ষোভ হয়েছিল।
Advertisement
ওই ঘটনার কথা শুনে মঙ্গলবার হাসপাতালে যান সংগঠনের সম্পাদক ডাঃ করবী বড়াল। তিনি আর জি করের অধ্যক্ষ ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দোষীদের দ্রুত চিহ্নিত করার দাবি জানান। হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ বের করে তা সংশ্লিষ্ট মহলে পাঠিয়েও দেওয়া হয়েছে। পুলিসও তদন্ত করছে। ঘটনার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের কোনও সদস্যের যোগ নেই বলে জানিয়েছেন অন্যতম নেতা ডাঃ অনিকেত মাহাত।



