নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছেন কেরলের নীলাম্বুর কেন্দ্রের বিধায়ক পি ভি আনভার। সোমবার তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। নির্দল বিধায়ক ছিলেন তিনি। যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন, ফলে বিধায়ক পদ ছেড়েছেন। এদিন কেরল বিধানসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র তুলে দেন আনভার। তিনি লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের সহযোগিতায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তবে আনভার জানান, তিনি ইস্তফা দেওয়ায় ওই কেন্দ্রে উপনির্বাচন হবে। কিন্তু তিনি প্রার্থী হবেন না। তাঁর সমর্থন থাকবে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রতি। অন্যদিকে, এদিনই তৃণমূলের তরফে জানানো হয়েছে, পি ভি আনভারকে কেরল রাজ্য তৃণমূল কংগ্রেসের কনভেনার বা আহ্বায়ক করা হয়েছে।



