নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সুমিত পাসোয়ান ওরফে ‘ভূত’। পুলিসের কাছে খবর ছিল, ওই খুনের ঘটনার পর থেকে কখনও হাওড়া, আবার কখনও শিয়ালদহ স্টেশন চত্বরে গাড়ি ধুয়ে-মুছে রোজগার করছে সে। এর মধ্যে লুকিয়ে দু’বার বাড়ি এসে মায়ের সঙ্গে দেখাও করেছে সে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা বাড়িতে কাটিয়েই ফিরে যায়। তাই অনেকবার বাড়িতে তল্লাশি করার পরেও জালে পড়েনি ‘ভূত’। সোমবার ভোরে একটি খবরের ভিত্তিতে জগদ্দল থানার পুলিস আচমকা ‘রেড’ চালায় তার বাড়িতে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জগদ্দল স্টেশনের কাছে গ্রেপ্তার করা হয় তাকে। এদিনই দুপুরে তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক মণিকা চট্টোপাধ্যায় তাকে পাঁচদিনের জন্য পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
এই খুনের ঘটনায় এ পর্যন্ত সাতজন গ্রেপ্তার হল। ডি সি নর্থ গণেশ বিশ্বাস জানিয়েছেন, ওই খুনের কেসে অভিযুক্তরা সকলেই গ্রেপ্তার হয়েছে। উল্লেখ্য, ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভার উপনির্বাচনের দিন সকালে জগদ্দল থানার অদূরে একটি চায়ের দোকানে আততায়ীদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তৃণমূল নেতা অশোক সাউ।



