Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কাউন্সিলারের নাম করে তোলাবাজির অভিযোগ মহেশতলায়

তৃণমূল কাউন্সিলারের নাম করে তোলাবাজির অভিযোগ মহেশতলায়
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: তৃণমূল কাউন্সিলার শাকিল আহমেদ মণ্ডলের নাম করে তোলাবাজির অভিযোগ ঘিরে সরগরম মহেশতলা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকা। রবিবার এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বেলা ১২টা থেকে প্রায় দু’ঘণ্টা সন্তোষপুর-ঘোষপাড়া রোড অবরোধ করেন। ঘটনাস্থলে এসডিপিও ইন্ডাস্ট্রিয়াল কামরুজ্জামান মোল্লার নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী যায়। কিন্তু তাঁদের অনুরোধ সত্ত্বেও অবরোধ তুলতে চাননি স্থানীয়রা। উল্টে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। এ নিয়ে পুলিসের সঙ্গে একপ্রস্থ বচসাও হয়। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে আসেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সব্যসাচী বসু এবং কাউন্সিলার শাকিল আহমেদ। তাঁরা বলেন, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান কাউন্সিলার। প্রায় দু’ঘণ্টা পর অবরোধ ওঠে। সন্ধ্যায় এই ইস্যুতে বিজেপির কর্মীরা রবীন্দ্রনগর থানার সামনে বিক্ষোভ দেখান। তোলাবাজদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
Advertisement
এদিন ঘটনাস্থলে গিয়ে জানা গেল, ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শাকিল আহমেদ মণ্ডলের নাম করে দুই দুষ্কৃতী এক দোকান মালিকের কাছ থেকে এক লক্ষ টাকা তোলা চায়। ওই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাঁরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এদিন এ কথা জানাজানি হতেই স্থানীয় মানুষজন সন্তোষপুর রোড অবরোধ করেন। নিগৃহীত পরিবারের সদস্যদের অভিযোগ, খালধারে তাঁদের একটি পুরনো দোকান ভগ্ন অবস্থায় ছিল। সেটি নতুন করে নির্মাণের কাজ চলছিল। সেই সময় কাউন্সিলারের অনুগামী পরিচয় দিয়ে দুই ব্যক্তি এসে মোটা অঙ্কের টাকা দাবি করে। কেন টাকা দিতে হবে, তা জানতে চাইলে তোলাবাজরা চড়াও হয়। কাউন্সিলার শাকিল আহমেদ মণ্ডল বলেন, আমি বিষয়টি জানতাম না। পরে ঘটনাস্থলে গিয়ে শুনেছি। আমার নাম করে এই অপরাধ যারা করেছে, তাদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। পুলিসকে বলেছি, দ্রুত গ্রেপ্তার করতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ