নিজস্ব প্রতিনিধি, বারাসত: আমডাঙার এক তৃণমূল কর্মীর জমিতে বোমাবাজি। এনিয়ে থানায় অভিযোগ করেছেন ওই তৃণমূল কর্মী আমিনুল ইসলাম। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
আমিনুল ইসলাম পেশায় ব্যবসায়ী। সম্প্রতি তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে আমডাঙার খেলিয়া এলাকায় আমিনুল একটি জমি কেনেন। এরপর এলাকায় কয়েকজন তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা তোলা দাবি করেন। অভিযোগ, যাঁরা এই টাকা দাবি করেন, তাঁরাও এলাকায় তৃনমূল কর্মী বলেই পরিচিত। কিন্তু তোলা দিতে অস্বীকার করেন আমিনুল। এর মধ্যেই আমিনুলের কেনা ওই জমিতে রবিবার রাতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। আমিনুল বলেন, তিনটি বোমা ছোঁড়া হয়। তার মধ্যে দু’টি ফেটেছে, একটি ফাটেনি। সেটি খোলা জমিতেই পড়েছিল। তিনি জানান, আমি একটি জমি কিনেছিলাম। এজন্য তিন লক্ষ টাকা তোলা চেয়েছিল এলাকার কয়েকজন। তবে সেই টাকা আমি দিইনি। সেই আক্রোশ থেকেই এই ঘটনা। বিষয়টি পুলিসকে লিখিত জানিয়েছি। এনিয়ে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। যাই ঘটুক না কেন, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ব্যক্তিগত বিষয় হতে পারে। এদিকে বারাকপুরের বিজেপি নেতা অরিন্দম দে বলেন, তৃণমূল যে জমি কেনাবেচায় জড়িত থাকে, সেটা সকলেই জানেন। আর তৃণমূলের মধ্যে যত দ্বন্দ্ব, তার বেশিরভাগই তোলা নিয়ে।



