Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল ব্লক সভাপতি পদের ভুয়ো নিয়োগপত্র ভাইরাল কাণ্ডে ধৃত ১

তৃণমূল ব্লক সভাপতি পদের ভুয়ো নিয়োগপত্র ভাইরাল কাণ্ডে ধৃত ১
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: তৃণমূলের রাজ্য সভাপতির স্বাক্ষর, প্যাড, সই জাল করে ২টি ব্লকের সভাপতি পরিবর্তনের ভুয়ো নিয়োগপত্র তৈরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিস। ধৃতর নাম সইফুর রহমান (৫২)। বাড়ি রায়গঞ্জ ব্লকের কাকড়া এলাকায়। শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকে। রবিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। 
Advertisement
সম্প্রতি একটি প্যাড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক ২ ও হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিবর্তন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। 
সিল, সই রয়েছে দলের রাজ্য সভাপতির। ভুয়ো প্যাডে রায়গঞ্জ ব্লক ২ ও হেমতাবাদের নতুন ব্লক সভাপতি হিসেবে নাম রয়েছে উত্তম চট্টোপাধ্যায় ও প্রফুল্লচন্দ্র বর্মনের। এই ভুয়ো প্যাড বা নিয়োগপত্র নিয়ে দলের অন্দরে তৈরি হয় বিভ্রান্তি। বিষয়টি জানার পর হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলি দলীয় নির্দেশ পেয়ে হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। 
তদন্তে নেমে পুলিস  সইফুর রহমানকে গ্রেপ্তার করেছে। ধৃত সইফুর বলেন, ‘আমি আগে তৃণমূল কংগ্রেসের পদে থাকলেও এখন নেই। দলের সক্রিয় কর্মীও নই।’ দল তার প্রতি অন্যায় অবিচার করায় নাকি সে এই ভুয়ো নিয়োগপত্র ছড়িয়ে দিয়েছে। সইফুরের সংযোজন, ‘এই পোস্ট নিয়ে এত কিছু হবে বুঝতে পারিনি।’ 
হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল বলেন, এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা পুলিসের তদন্ত করে দেখা উচিত। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, সইফুরকে গ্রেপ্তার করে চার দিনের হেফাজতে নেওয়া হয়েছে। জেরায় ধৃত ব্যক্তি নিজের ভুল স্বীকার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ