সংবাদদাতা, মেখলিগঞ্জ: বুধবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডর পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। তাঁদের করিডর পরিদর্শনের সময় মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনুকুমার মণ্ডল সহ বিএসএফের কর্তারাও উপস্থিত ছিলেন। স্ট্যান্ডিং কমিটিতে মোট ছয়জন বিধায়ক রয়েছেন। যার নেতৃত্বে রয়েছেন বিধায়ক খগেশ্বর রায়। সড়কপথে এদিন দুপুর নাগাদ তাঁরা তিনবিঘা করিডর পৌঁছে যান। করিডর ঘুরে দেখে বেশকিছু বিষয়ে জানারও চেষ্টা করেন। কথা বলেন তিনবিঘা সীমান্তের দায়িত্বপ্রাপ্ত বিএসএফের কর্তাদের সঙ্গেও।
Advertisement
খগেশ্বর রায় বলেন, কোচবিহারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের হস্টেল পরিদর্শন করা হয়েছে। এদিন আন্তর্জাতিক তিনবিঘা করিডর পরিদর্শন করেছি। তিনবিঘা করিডরের এক পাশে রয়েছে দহগ্রাম-অঙ্গারপোঁতা ছিটমহল। যে এলাকা থেকে মাঝেমধ্যেই অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ওঠে। সাম্প্রতিককালে এই তিনবিঘা কুচলিবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বেশকিছু অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় বিধানসভার স্ট্যান্ডিং কমিটির এই সীমান্ত পরিদর্শনের বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন।



