সংবাদদাতা, নাগরাকাটা: গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলার বানারহাট এবং ক্রান্তির দুই মেচপাড়ায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার তিনিশ কুড়ি লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করল পুলিস। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিসসুপার(গ্রামীণ) সমীর আহমেদ, ধূপগুড়ি মহকুমার এসডিপিও গিয়ালসেন লেপচা এবং বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিসের একটি দল নাগরাকাটা ব্লকের কলাবাড়ি এলাকার মেচপাড়ায় হানা দেয়। তবে পুলিস আসার খবর পেয়ে চোলাইয়ের কারবারিরা পালিয়ে যায়। এই অভিযানে প্রায় তিন হাজার লিটার ফারমেন্টেড ওয়াশ বা চোলাই তৈরির কাঁচামাল সহ ২৫০ লিটার চুল্লু নষ্ট করে পুলিস। কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়।
Advertisement
অন্যদিকে, মালবাজার থানার ক্রান্তি ও মাল ব্লকের মধ্যবর্তী এলাকার চেল নদী সংলগ্ন মেচপাড়া বস্তিতে পুলিসের আরএকটি দল চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে নামে। সেই অভিযানে ৪০লিটারের ৮টি ড্রাম ভর্তি চোলাই তৈরির কাঁচামাল সহ ৩৫ লিটার চুল্লু নষ্ট করা হয়। অভিযানের সময় সেখানে চোলাই বানানো চলছিল। উনুনে চাপানো ছিল চোলাই তৈরির সামগ্রী। একইভাবে পুলিস আসার আগেই কারবারে অভিযুক্ত লক্ষ্মণ ওরাওঁ এবং জ্যোতি শৈব পালিয়ে যায়। অভিযুক্তরা পরিত্যাক্ত জায়গায় চুল্লু তৈরি কারবার চালাতো বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মালবাজার থানায় বেঙ্গল এক্সাইজ অ্যাক্টে মামলা রজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
জেলার পুলিসসুপার খন্ডবাহলে উমেশ গণপত বলেন, দুটি থানার মেচপাড়ায় তিন হাজার তিনিশ কুড়ি লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়। চোলাই তৈরির উপকরণ বাজোয়াপ্ত করা হয়েছে।



