নয়াদিল্লি: তিনদিনের মধ্যে ৫০ লক্ষ টাকা দিন। না হলে পরিণতি খুব খারাপ হবে। মোবাইলে এমনই হুমকি বার্তা পেলেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শেঠ। শুক্রবার বিকেলের এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। দায়ের হয়েছে তোলাবাজির অভিযোগ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচির কাঙ্কেরের মোবাইল নম্বর থেকে ওই হুমকি মেসেজ পাঠানো হয়েছিল। অভিযুক্তদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি। সঞ্জয় বলেন, ‘শুক্রবার দিল্লি পুলিসকে সবকিছু জানিয়েছি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন ডিসিপি সহ পুলিসের একাধিক পদস্থ অফিসার।’ ঘটনায় রাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন রাঁচির বিধায়ক সি পি সিং। তিনি বলেন, ‘রাজ্যের কাছে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার আবেদন জানাচ্ছি।’
Advertisement
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর দাবি, শুক্রবার বিকেলে তোলাবাজি সংক্রান্ত মেসেজটি তাঁর ফোনে আসে। সঙ্গে সঙ্গে দিল্লি ডিসিপিকে বিষয়টি জানান। পরে দিল্লির বাসভবনে পুলিস অফিসারদের সঙ্গে আলোচনাও করেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। ঝাড়খণ্ডেও অভিযোগ দায়ের করেছেন সঞ্জয়। কথা বলেছেন ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তর সঙ্গে। এবিষয় তিনি বলেন, ‘আমার দায়িত্ব ছিল অভিযোগ জানানো। সেটা করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় মন দিয়ে নিজের কাজ করে চলেছি। বিভিন্ন জায়গায় গিয়ে স্থানীয়দের কথা শুনছি।। পুলিস দক্ষতার সঙ্গে তাদের কাজ করছে।’



