Bartaman Logo
২৭ মে, ২০২৬

টানা ৩ আর্থিক বছরে দক্ষিণ-পূর্ব রেলের আয়ের চেয়ে ব্যয় বেশি

টানা ৩ আর্থিক বছরে দক্ষিণ-পূর্ব রেলের আয়ের চেয়ে ব্যয় বেশি
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আয় ১৮ হাজার কোটি। কিন্তু ব্যয় ২৩ হাজার কোটিরও বেশি। একটি বা দু’টি অর্থবর্ষ নয়। পরপর তিন আর্থিক বছরেই দক্ষিণ-পূর্ব রেলের ব্যয় তার আয়ের থেকেও হাজার হাজার কোটি টাকা বেশি হয়েছে। কোনও বেসরকারি সমীক্ষক সংস্থার রিপোর্ট নয়। রেলমন্ত্রকের পরিসংখ্যানেই বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলওয়ে জোনের এহেন বেহাল আর্থিক পরিস্থিতির ছবি প্রকাশ্যে এসেছে। 
Advertisement
আর কয়েক মাসের মধ্যেই ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের সামগ্রিক অপারেটিং রেশিও প্রকাশিত হবে। অর্থাৎ, প্রতি ১০০ টাকা আয় করতে রেলের খরচের পরিমাণ কত, সেই হিসেব সামনে আসবে। সেই অপারেটিং রেশিও প্রকাশের আগেই শুধুমাত্র একটি রেলওয়ে জোনের এমন তথ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। 
রেল বিশেষজ্ঞ মহলের দাবি, এই একটিমাত্র জোনের তথ্যেই প্রমাণিত যে, এবার রেলের অপারেটিং রেশিও আরও খারাপ হতে চলেছে। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের আয় এবং ব্যয়ের হিসেব সংক্রান্ত ইস্যুতে সংসদে পরিসংখ্যান পেশ করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই পরিসংখ্যানেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ-পূর্ব রেলে আয়ের হিসেব দেওয়া হয়েছে পণ্য এবং যাত্রী পরিবহণ দু’টো মিলিয়েই। দেখা যাচ্ছে যে, ২০২১-২২ আর্থিক বছরে আয় হয়েছে ১৫ হাজার ৯৫৩ কোটি ৮৯ লক্ষ টাকা। অথচ খরচ হয়েছে ২১ হাজার ২৪৫ কোটি ৮২ লক্ষ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে আয়ের পরিমাণ ১৭ হাজার ৭১৩ কোটি ৬১ লক্ষ টাকা। ব্যয় হয়েছে ২২ হাজার ৫৮৬ কোটি ৬০ লক্ষ টাকা। 
এবং ২০২৩-২৪ আর্থিক বছরে রেলে যাত্রী এবং পণ্য পরিবহণ মিলিয়ে আয় হয়েছে ১৮ হাজার ৬৮ কোটি ২১ লক্ষ টাকা। কিন্তু ওই অর্থবর্ষে খরচের পরিমাণ ২৩ হাজার ২৫৮ কোটি ৬৫ লক্ষ টাকা। অর্থাৎ, উল্লিখিত তিনটি আর্থিক বছরের প্রতিটিতেই দক্ষিণ পূর্ব রেলকে তার আয়ের তুলনায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা করে বেশি খরচ করতে হয়েছে! বিষয়টি সামাল দেওয়ার জন্য তারা আদৌ কোনও পদক্ষেপ নিচ্ছে কি না, তা দক্ষিণ পূর্ব রেলের কাছে জানতে চাওয়া হয়েছিল। যদিও শনিবার রাত পর্যন্ত জবাব মেলেনি। 
সম্পর্কিত সংবাদ