Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টোম্যাটোর আড়ালে ২৩ লক্ষ টাকার গাঁজা পাচারের চেষ্টা, কুলটিতে ধৃত ৫

টোম্যাটোর আড়ালে ২৩ লক্ষ টাকার গাঁজা পাচারের চেষ্টা, কুলটিতে ধৃত ৫
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুষ্পা সিনেমার চিত্রনাট্যের নকল করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিসের জালে ধরা পড়ল পাঁচ গাঁজা পাচারকারী। উদ্ধার হয়েছে ২৩০ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ টাকা। ওড়িশা থেকে পুরুলিয়া হয়ে শিল্পাঞ্চলে ঢুকেছিল এই গাঁজা। কুলটি থানার ডিসেরগড়ে বাসস্ট্যান্ডে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিসের নাকা চেকিংয়ে শুক্রবার পাচারকারীরা ধরা পড়ে যায়। জানা গিয়েছে, একটি পিকঅ্যাপ ভ্যানে টোম্যাটোর ক্রেট ভর্তি ছিল। ৫০টি টোম্যাটোর ক্রেটের আড়ালে রাখা ছিল বিপুল পরিমাণ গাঁজা। এই গাড়িটির আগে আগে যাচ্ছিল ছোট চারচাকা গাড়ি। সেটির ডিকিতেও রাখা ছিল গাঁজা। সেই খবর পৌঁছে যায় আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছে। তাদের অফিসার ও সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিস পাচারকারীদের ধরতে শুক্রবার ভোর থেকে বিশেষ নাকা চেকিং শুরু করে। তখনই টোম্যাটোর গাড়ি দেখে সন্দেহ হয় পুলিসের। টোম্যাটোর ক্রেট সরাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচজনই আসানসোল উত্তর থানার বাসিন্দা। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে একজনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। বাকিদের বিষয়ে খোঁজ চলছে।  ডিসি সন্দীপ কাররা বলেন, বিপুল পরিমাণ গাঁজা পাচার ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। এর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখে গ্রেপ্তার করার চেষ্টা হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ