সংবাদদাতা, আলিপুরদুয়ার: চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের সমস্যা সমাধানের দাবিতে আগামী ১১ এপ্রিল জলপাইগুড়িতে পিএফ কমিশনারের অফিস ঘেরাও করবে তৃণমূল চা শ্রমিক সংগঠন। তার আগে ৮ এপ্রিল থেকে চা বাগানে পদযাত্রা করা হবে। এই পদযাত্রা প্রায় ১০০টি চা বাগান ঘুরবে। পদযাত্রায় চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত কী কী কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, তারও ফিরিস্তি তুলে ধরা হবে।
৮ এপ্রিল দু’টি পদযাত্রা শুরু হবে আলিপুরদুয়ার ও জলপাগুড়ি দুই জেলা থেকে। আলিপুরদুয়ারের কুমারগ্রামের সঙ্কোশ চা বাগান থেকে শ্রমিকদের একটি পদযাত্রা শুরু হবে। ওই দিনই জলপাইগুড়ির এলেনবাড়ি চা বাগান থেকেও শুরু হবে পদযাত্রা। দু’টি পদযাত্রা শেষ হবে গয়েরকাটায় এসে। গয়েরকাটায় রাত্রিবাস করে ১১ এপ্রিল পদযাত্রায় অংশ নেওয়া শ্রমিক ও শ্রমিক নেতারা গাড়িতে করে জলপাইগুড়ি পিএফ অফিসে পৌঁছবেন। দুই জেলার ৫০টি করে ১০০টি চা বাগানে এই পদযাত্রা যাবে।
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বড়া ওরাওঁ বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, জয় জোহারের মতো প্রকল্পগুলি তো আছেই। এর বাইরে রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য এখনও পর্যন্ত কী কী জনমুখী প্রকল্প চালু করেছে, তার তালিকা তুলে ধরব আমরা। লিফলেটও বিলি হবে।
রাজ্য সরকার শ্রমিকদের জন্য চা সুন্দরী আবাস যেমন চালু্ করেছে, তেমনি চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে শ্রমিকদের পাঁচ ডেসিমেল করে বাড়ি তৈরির টাকাও দিয়েছে। প্রত্যেক বাগানে স্বাস্থ্য কেন্দ্র, অ্যাম্বুলেন্স পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শ্রমিকদের পিএফ সমস্যা সমাধানের দাবিতে এই পদযাত্রা হচ্ছে ঠিকই। আসলে তৃণমূলের চা শ্রমিক সংগঠন এই পদযাত্রায় ছাব্বিশের ভোটের জনসংযোগ শুরু করে দেবে। যদিও তৃণমূলের চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, এই পদযাত্রার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।