Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি কাজে কাটমানি দাবির অভিযোগ, ফাঁসিদেওয়ার যুব তৃণমূল নেতাকে শোকজ

ফাঁসিদেওয়ার তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে সরকারি কাজে কাটমানি দাবির অভিযোগ উঠেছে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই বৃহস্পতিবার সংগঠনের তরফে অভিযুক্তকে শোকজ করা হল।

সরকারি কাজে কাটমানি দাবির অভিযোগ, ফাঁসিদেওয়ার যুব তৃণমূল নেতাকে শোকজ
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: ফাঁসিদেওয়ার তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে সরকারি কাজে কাটমানি দাবির অভিযোগ উঠেছে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই বৃহস্পতিবার সংগঠনের তরফে অভিযুক্তকে শোকজ করা হল। ৪৮ ঘণ্টার মধ্যে উপযুক্ত জবাব দিতে না পারলে বহিষ্কার করা হতে পারে চটহাট অঞ্চলের যুব তৃণমূল সভাপতি মহম্মদ জিয়ারুল হককে। যদিও কাটমানি চাওয়ার অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন জিয়ারুল।

Advertisement

প্রসঙ্গত, ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের নিজবাড়ি থেকে কুচিয়া মোড় পর্যন্ত ২ কিমি তিস্তা ক্যানেলের রাস্তা মেরামতের বরাত পেয়েছে একটি সংস্থা। তিন মাস ধরে মেরামতের কাজ চলছে। 
অভিযোগ, সোমবার চটহাট অঞ্চল যুব তৃণমূল সভাপতি জিয়ারুল হক দলবল নিয়ে কাজ বন্ধ করে দেয়। কমিশন বাবদ ২০ হাজার টাকা দাবি করে। ঠিকাদার দিতে রাজি না হলে তারা প্রাণে মারার হুমকি দেয়। এমনকী বেশকিছু যন্ত্রাংশ ক্যানেলে ফেলে দেয় বলে অভিযোগ। এনিয়ে ওই তৃণমূল নেতা ও অপর একজনের নামে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাজের ঠিকাদার আরমান করিম। এদিকে এনিয়ে তোলপাড় শুরু হয়েছে তৃণমূল মহলে। অভিযুক্ত যুব নেতাকে তৃণমূলের ফাঁসিদেওয়া-১ ব্লক সভাপতি জয়ন্ত ঢালি শোকজের চিঠি পাঠিয়েছেন। তাতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ জবাব দিতে বলা হয়েছে। তা না দিতে পারলে পুরো ঘটনা সত্য বলে গণ্য করে ব্যবস্থা নেওয়া হবে। 
এনিয়ে দার্জিলিং জেলা (সমতল) তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায় বলেন, ঘটনার সত্যতা জানার চেষ্টা করেছি। পরে পুরো বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। যেহেতু অঞ্চল সভাপতি, সেজন্য দলের ব্লক সভাপতিকে বলেছি শোকজ করতে। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। শোকজের উত্তর দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। যদি সত্যি ঘটনা হয়, দল তা সমর্থন করবে না। ফাঁসিদেওয়া থানার এক আধিকারিক বলেন, কাজে বাধা, ভয় দেখানোর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের তলব করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ