নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে দুর্গাপুর পুরসভা টোল আদায় বন্ধ করল। সূত্রের খবর, দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হাইকোর্টে পুরসভার টোল আদায় নিয়ে মামলা করে। শহরজুড়ে পুরসভার সাতটি টোলট্যাক্স সংগ্রহের কাউন্টার ছিল। ব্যবসায়ী সংগঠনের দাবি ছিল, শহরে যত্রতত্র টোল আদায়ের জেরে বাইরের গাড়ি দুর্গাপুরে আসতে চাইছে না। দু’পক্ষের সওয়াল শোনার পর হাইকোর্ট নির্দেশ দেয়, সরকারি অনুমোদন ছাড়া পুরসভা টোল চালাতে পারবে না। সেই মতো বুধবার টোল সংগ্রহের সব কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।